ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। এরপর বেলা ১১টা ১০ মিনিটে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকা নিয়ে গঠিত। আসনটিতে এর আগে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল। উল্লেখ্য, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি প্রাথমিকভাবে ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ অন্যতম ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। একই সময়ে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। পরে বিষয়টি চূড়ান্ত হলে তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ। তিনি ভোলা-১ সংসদীয় আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিএনপি সূত্র আরও জানিয়েছে, তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবরিনা রিমি/