বাবরদের ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে বড় চমক হিসেবে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। একই সঙ্গে দলে রাখা হয়নি পেসার হারিস রউফকেও।

রোববার শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল প্রকাশ করে পিসিবি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার কারণে এই চার তারকা ক্রিকেটারকে দলে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে নির্বাচকরা।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। এই সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলি আগা।

৭ জানুয়ারি ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ৯ ও ১১ জানুয়ারি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এক মাস আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে পাকিস্তান।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তান দল:

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

এমইউএম/