ভোকেশনাল এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু ২৮ ডিসেম্বর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই ৮ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণসহ ফরম পূরণের প্রথম ধাপ সম্পন্ন করতে হবে।

যারা প্রাথমিক সময়ের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হবেন, তাদের জন্য ৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণের দ্বিতীয় সুযোগ রাখা হয়েছে। এরপরও কেউ বাদ পড়লে ২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ফরম পূরণ করতে পারবেন; তবে এ ক্ষেত্রে ৩০০ টাকা বিলম্ব ফির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। সকল প্রকার ফি আগামী ১২ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের ‘প্রোবাবল লিস্ট’-এ নাম থাকা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থীর টিসি (TC) ও পিসি (PC) নম্বর এন্ট্রি করা না থাকে বা ফেল নম্বর দেওয়া থাকে, তবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে না এবং তারা ফরম পূরণ করতে পারবেন না। এছাড়া ২০২২ সেশনের শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাওয়া গেলেও তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা না থাকলে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না।

২০২৬ সালের এই পরীক্ষাটি দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে পূর্ণ মান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বোর্ড নির্ধারিত ফিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা ফি ৮০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদ ফি ১২০ টাকা এবং বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা। এর বাইরে কেন্দ্র ফি ৩০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি জমা দিতে হবে।

মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বোর্ড বিশেষ নিয়ম নির্ধারণ করেছে। শুধুমাত্র ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তাদের নিয়মিত পরীক্ষার্থীদের মতো সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং সাধারণ ফির পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা মানোন্নয়ন ফি প্রদান করতে হবে।