ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল এলাকায় আয়োজিত এক ‘ডিজে নাইট’ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মাঠে বিএনপির বিজয় উদযাপনে এই গানের অনুষ্ঠানের আয়োজন করেন পাশ্ববর্তী হলের ছাত্রদল নেতাকর্মীরা। আয়োজনে নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হলের (প্রস্তাবিত) যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আবরার হারুন ও আদনান শাহরিয়াসহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই বিকট শব্দের গান রাত ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। আশেপাশে চারটি আবাসিক হল (জিয়া হল, জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হল) থাকায় পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটে। বারবার অনুরোধের পরও গান বন্ধ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে হলের জানালা ও বারান্দা থেকে ছাত্রদল নেতাদের লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
রাত ১০টার দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন একদল সাধারণ শিক্ষার্থী সরাসরি মাঠে গিয়ে গান বন্ধ করার দাবি জানান। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সাথে তাঁদের তীব্র কথা-কাটাকাটি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পরীক্ষার্থী সিফাত আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগামীকাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, অথচ এই বিকট শব্দের কারণে আমি এক কলমও পড়তে পারিনি। ক্যাম্পাসে এমন বিশৃঙ্খলা কাম্য নয়।”
আয়োজকদের পক্ষ থেকে প্রক্টরের অনুমতির কথা বলা হলেও কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। হল প্রশাসনের এক কর্মকর্তা জানান, “আবাসিক এলাকার মাঝখানে এমন উচ্চ শব্দে গান বাজানোর কোনো অনুমতি দেওয়া হয়নি এবং এটি নিয়মবহির্ভূত।”
দীর্ঘ সময় উত্তেজনার পর অবশেষে প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে এবং শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে গান বন্ধ করা হলে পরিস্থিতি শান্ত হয়।
–লামিয়া আক্তার










