১ জানুয়ারি রাজধানীতে শুরু হবে ৩০তম বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামী ১ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন।

মেলা আয়োজকরা হলেন বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা’ নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল। ইপিবি কার্যালয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটির কাছে এ প্রস্তাব টেকেনি। তাই মেলার নাম থাকছে আগের মতোই।

সংবাদ সম্মেলনে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জানা গেছে, এবারের মেলায় ৩২০টির মতো স্টল থাকবে এবং প্রবেশ টিকিটের দাম জনপ্রতি ৫০ টাকা। দর্শনার্থীদের জন্য দেশীয় ইতিহাস জানার সুযোগ হিসেবে মেলায় ‘বাংলাদেশ স্কয়ার’ স্থাপন করা হচ্ছে।

ইপিবি জানিয়েছে, ২৯ ডিসেম্বর বেলা ১১টায় মেলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এমইউএম/