রমজানে খেজুরের দাম সহনীয় রাখতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে খেজুর আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। ধর্মপ্রাণ মুসলমানদের চাহিদা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর–সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

এনবিআর জানায়, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের আমদানি বাড়বে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে। এর ফলে খুচরা বাজারে খেজুরের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সংস্থাটি।

রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান উপকরণ হওয়ায় খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সরকারের এই সিদ্ধান্তে ভোক্তাদের পাশাপাশি আমদানিকারক ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমইউএম/