আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

ছবিসূত্র: আমার বার্তা অনলাইন

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে প্রশ্ন করলে শফিকুল আলম জানান, তিনি চিঠিটি দেখেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়েছে। ফলে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়।

সাবরিনা/