ঘোষিত তারিখে নির্বাচন চায় এনসিপি, ইসির সঙ্গে বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষিত তারিখ পেছানো না করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনের বিষয়ে তারা কমিশনের অবস্থান জানতে চেয়েছেন। তিনি জানান, নির্বাচন কমিশন জানিয়েছে—তারা তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলেছেন এবং নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের সক্ষমতা তাদের রয়েছে।

এনসিপির পক্ষ থেকে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে, ঘোষিত তারিখের পর যেন কোনোভাবেই নির্বাচন পেছানো না হয়। একই সঙ্গে প্রবাসী ভোটার নিবন্ধনে জটিলতা ও গণভোটের প্রচারণা অপর্যাপ্ততার বিষয়টিও তুলে ধরা হয়।

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা জানান, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন, বিধি লঙ্ঘনে শাস্তি, প্রবাসী ভোটার নিবন্ধন ও সামগ্রিক ভোটের পরিবেশসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য হটলাইনসহ কার্যকর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়।

সাবরিনা/