যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সঙ্গে যে কেউ দ্বিমত পোষণ করলে তিনি কখনোই ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান হতে পারবেন না। সুদের হার কমানো নিয়ে বিদায়ী ফেডপ্রধান জেরোম পাওয়েলের সঙ্গে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন চেয়ারম্যান বাছাই প্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার এ মন্তব্য করেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, “বাজার ভালো থাকলে আমি চাই আমার নতুন ফেড চেয়ারম্যান সুদের হার কমাবেন—অকারণে বাজার ধ্বংস করবেন না।” তিনি আরও বলেন, “সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রকে পুরস্কৃত করা উচিত, শাস্তি নয়। যে কেউ আমার সঙ্গে দ্বিমত করবে, সে কখনোই ফেডের চেয়ারম্যান হবে না।”
ফেব্রুয়ারিতে আবার ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ফেডের ওপর ধারাবাহিকভাবে সুদের হার কমানোর চাপ দিয়ে আসছেন। এ নিয়ে তিনি প্রকাশ্যে জেরোম পাওয়েলকে সমালোচনা করেছেন এবং সুদের হার কমাতে নির্দেশ না মানায় তাকে অপসারণের হুমকিও দিয়েছেন। এসব মন্তব্য ফেডের রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
চলতি বছর ফেড ইতিমধ্যে তিন দফা সুদের হার কমিয়ে তা ৩.৫ থেকে ৩.৭৫ শতাংশে নামিয়েছে। তবে ট্রাম্পের মতে, এ হার ১ শতাংশের কাছাকাছি হওয়া উচিত। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, খুব দ্রুত বা অতিরিক্ত হারে সুদের হার কমালে মূল্যস্ফীতির ঝুঁকি বেড়ে যেতে পারে।
মার্কিন গণমাধ্যম সিএনবিসির তথ্যমতে, পাওয়েলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট, সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ারশ এবং বর্তমান ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার। হাসেট সম্প্রতি বলেছেন, অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করলেও সুদের হার কমানো অব্যাহত রাখা উচিত।
মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.৩ শতাংশ, যা পূর্বাভাসের চেয়ে বেশি। এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে ভোক্তা ব্যয় ও রপ্তানি থেকে।
স্যান্ডেলের মতে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতার কারণে কেভিন হাসেটই সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তাঁর ভাষায়, “হাসেট ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষদের একজন এবং অর্থনীতি নিয়ে ট্রাম্পকে বোঝানোর বিরল দক্ষতা তার আছে।”
সূত্র: আল জাজিরা










