গানের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভক্তদের ব্যক্তিগত বিপদ—প্রায় সব ক্ষেত্রেই তাঁকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার আবারও মানবিকতার নজির রাখলেন এই মার্কিন সংগীতশিল্পী।
যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ কোটি টাকা। সংস্থাটির এক ইনস্টাগ্রাম পোস্টে গতকাল এই তথ্য জানানো হয়। ছুটির মৌসুম সামনে রেখে এই অনুদানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এ সময় খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা বাড়ে।
ফিডিং আমেরিকার পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো বলেন, “টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে একসঙ্গে কাজ করলে বড় পরিবর্তন আনা সম্ভব। এই ছুটির মৌসুমে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”
ফিডিং আমেরিকার সঙ্গে সুইফটের সম্পর্ক নতুন নয়। চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় তিনি ৫০ লাখ ডলার অনুদান দেন। এর আগে ২০২৩ সালে টেনেসি অঙ্গরাজ্যে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় আরও ১০ লাখ ডলার সহায়তা করেছিলেন তিনি। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের পাশেও দাঁড়িয়েছিলেন এই তারকা।
দাতব্য কার্যক্রমের আলোচনার মধ্যেই সম্প্রতি মুক্তি পেয়েছে টেইলর সুইফটের তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’-র শেষ দুটি পর্ব। তাঁর বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।
বিথী রানী মণ্ডল/










