তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: প্রস্তুত ঢাকা

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ মোতায়েন থাকবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশানে যাতায়াতের পথে পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা থাকবে। তাঁর বাসভবন ও অফিসেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া ডিএমপির সোয়াট টিম মাঠে থাকবে এবং পুরো মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে।

অন্যদিকে, দলের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হবে বলে জানিয়েছে বিএনপি।

সাবরিনা রিমি/