জবিতে শরিফ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল ও বাতাসা বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাবেক ছাত্রনেতা ও অধিকারকর্মী শরিফ ওসমান বিন হাদির স্মরণে দোয়া মাহফিল ও বাতাসা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ‘ইনকিলাব মঞ্চ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে ইনকিলাব মঞ্চের জবি শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, “শরিফ ওসমান বিন হাদির সংগ্রাম ছিল মূলত আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশীয় সংস্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষা করতে হয়। হাদি ভাইয়ের সেই বিপ্লবী চেতনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।”

বক্তব্য চলাকালে তিনি ঘোষণা দেন যে, হাদির আদর্শ ছড়িয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তবারক হিসেবে ঐতিহ্যবাহী বাতাসা বিতরণ করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মৃত্যুতে গত ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।