গত বছর ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাপোলির। তবে এবার আর হতাশ হতে হয়নি। আন্তোনিও কন্তের দল শিরোপা জিতে সেই আক্ষেপ ঘুচিয়ে নিল।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ফাইনালে বোলোনাকে ২-০ গোলে হারায় বর্তমান সিরি’আ চ্যাম্পিয়ন নাপোলি। দলের হয়ে দুটি গোলই করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস।
এই জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল নাপোলি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে এই ট্রফি ঘরে তুলেছিল তারা।
ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন নেরেস। প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শট সরাসরি জালের কোণে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আবারও বোলোনার রক্ষণে আঘাত হানেন এই উইঙ্গার। গোলকিপার ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ নিয়ে জন লুকুমির কাছ থেকে বল কেড়ে ঠান্ডা মাথায় জালে পাঠান নেরেস।
বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর এটি নেরেসের দ্বিতীয় জোড়া গোল। এই সুপার কাপে মোট তিনটি গোল করলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিশ্চিত করে শিরোপা উদ্যাপন করে নাপোলি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেল নেপলসের ক্লাবটি।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চার দল নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে ইতালিয়ান সুপার কাপ। ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট সৌদি আরবেই আয়োজনের চুক্তি রয়েছে।
এমইউএম/










