ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত হয়ে যাওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে অনুষ্ঠিত হবে। একই সময়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এমআইএসটি তাদের স্থাপত্য বিভাগের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এমআইএসটি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এমআইএসটির শুধুমাত্র স্থাপত্য বিভাগের (দ্বিতীয় পর্ব) পরীক্ষাটি ২৭ ডিসেম্বরের পরিবর্তে পরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে এমআইএসটির ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম পর্বের পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত ২০ ডিসেম্বরের ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষাটিই আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।
এমআইএসটি কর্তৃপক্ষ জানায়, অসংখ্য শিক্ষার্থীর একই দিনে দুটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা স্থাপত্য বিভাগের ব্যবহারিক পরীক্ষাটি একদিন পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।
অর্ণব চাকমা/










