প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়িয়েই ক্লাবের সমর্থকদের মনোভাব বুঝে নিয়েছেন নতুন কোচ লিয়াম রোজেনিয়র। সাউথ লন্ডনে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে গান শোনা গেলেও সহমালিক বেহদাদ এঘবালির প্রতি তেমন কোনো সমর্থন দেখা যায়নি। এতে স্পষ্ট, নতুন কোচ হিসেবে রোজেনিয়রের সামনে সমর্থকদের মন জয় করার চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।
তবে মাঠের পারফরম্যান্সে দারুণ শুরু করেছেন রোজেনিয়র। এফএ কাপের তৃতীয় রাউন্ডে দ্য ভ্যালিতে স্বাগতিক চার্লটন অ্যাথলেটিককে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। মাইলস লিউবার্নের গোলে একসময় ব্যবধান কমে ২–১ হলেও শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে সফরকারীরা।
অভিষেক ম্যাচেই রোজেনিয়র চেলসির দ্বিতীয় সারির দল নামান। সাবেক কোচ এনজো মারেসকার অধীনে সাম্প্রতিক সময়ে খুব একটা সুযোগ না পাওয়া জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি গোল করে নিজেদের প্রমাণ দেন। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ।
এই জয়ের মাধ্যমে প্রায় এক দশক পর চেলসির কোনো নতুন কোচ অভিষেক ম্যাচে জয় পেলেন। এর আগে ২০১৬ সালে আন্তোনিও কন্তে প্রথম ম্যাচেই জয় দিয়ে চেলসি অধ্যায় শুরু করেছিলেন।
ম্যাচ শেষে রোজেনিয়র বলেন, “অনেক ইতিবাচক দিক ছিল এবং এটি নিঃসন্দেহে ভালো একটি শুরু। দলের মানসিকতা নিয়ে আমি খুব খুশি। দ্য ভ্যালির মতো মাঠে খেলা সহজ নয়, কিন্তু আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং আমাদের প্রেসিং ছিল দুর্দান্ত।”
আগামী বুধবার কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে চেলসি মুখোমুখি হবে আর্সেনালের। এরপর প্রিমিয়ার লিগে রোজেনিয়রের অভিষেক হবে স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
-এমইউএম










