বিপিএলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে সুযোগ পেতে আশাবাদী আকবর আলী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রাজশাহীর অনুশীলন শেষে নিজের ভাবনার কথা জানান তিনি।

আকবর বলেন, “প্রত্যেক ক্রিকেটারই খেলার প্রত্যাশা নিয়ে দলে আসে, আমিও তার ব্যতিক্রম নই। ইনশাআল্লাহ খেলার প্রত্যাশা অবশ্যই আছে। তবে কে খেলবে আর কে খেলবে না, সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দল যে ভূমিকায় আমাকে চাইবে, সেখানেই খেলতে আমি প্রস্তুত।”

শনিবার দলের প্রথম অনুশীলনের পর রাজশাহীর কোচ হান্নান সরকার নিশ্চিত করেন, আসন্ন বিপিএলে দলের নিয়মিত উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফলে আকবরকে কেবল ব্যাটার হিসেবেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনুশীলনে ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিমকেও নিয়মিত উইকেটকিপিং অনুশীলন করতে দেখা গেছে, যা রাজশাহীর সম্ভাব্য দলগত কম্বিনেশনের ইঙ্গিত দিচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতেও সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন আকবর। রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ও চার দিনের টুর্নামেন্টের শিরোপা। চলতি বছর এসিসি ইমার্জিং এশিয়া কাপেও অধিনায়ক হিসেবে বাংলাদেশ ‘এ’ দলকে ফাইনালে তুলেছেন তিনি।

নেতৃত্ব ও পারফরম্যান্স—দুটো ক্ষেত্রেই নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন আকবর। এনসিএল টি-টোয়েন্টিতে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪৭.০২ স্ট্রাইক রেটে ২২২ রান করে সংক্ষিপ্ত সংস্করণে নিজের আত্মবিশ্বাস ও মানিয়ে নেওয়ার দক্ষতার পরিচয় দিয়েছেন।

তবে নিজের ব্যাটিং সামর্থ্য বা দলে ভূমিকা নিয়ে প্রশ্নে সতর্ক ছিলেন আকবর।

“এটা আমার জন্য একটু কঠিন প্রশ্ন। আমার কোনো মন্তব্যে যেন দলের পরিবেশ অস্বস্তিকর না হয়, সেটাই চাই। এসব সিদ্ধান্ত পুরোপুরি টিম ম্যানেজমেন্টের।”

উইকেটকিপিংয়ের দায়িত্ব মুশফিকুর রহিমের হাতে যাওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব দেখান তিনি।
“কে কোন দায়িত্ব নেবে, সেটা ম্যানেজমেন্ট ঠিক করবে। মুশফিক ভাইয়ের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা আমাদের জন্য বড় আশীর্বাদ। তাঁর কাছ থেকে শেখার অনেক কিছু আছে।

এমইউএম/