দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০, সন্দেহভাজনদের ধরতে জোরদার তল্লাশি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের উপকণ্ঠে একটি ট্যাভার্নে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, ভোর ১টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল টাউনশিপের ওই ট্যাভার্নে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানিয়েছে, সাদা রঙের একটি ‘কোম্বি’ এবং একটি রুপালি সেডান গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাতনামা সন্দেহভাজন ট্যাভার্নে প্রবেশ করে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা এলোমেলোভাবে গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে জোরদার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে তথ্য রয়েছে, তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।