অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ বা হজমের সমস্যা থেকে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শরীরে পুষ্টির ঘাটতির পাঁচটি স্পষ্ট লক্ষণ সম্পর্কে জানা থাকলে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব।
নখের ভঙ্গুরতা বা সহজে ভেঙে যাওয়াঃ বিশেষজ্ঞের মতে, নখ যদি সহজেই ভেঙে যায়, পাতলা হয়ে যায় তাহলে তা শরীরে প্রোটিন, আয়রন ও বায়োটিনের অভাবের ইঙ্গিত হতে পারে।
অকাল পক্কতাঃ বয়সের আগেই চুল পেকে যাওয়া বা ধূসর রং ধারণ করা অনেকের জন্যই চিন্তার বিষয়। চিকিৎসকের মতে, এটি অনেক সময় শরীরে ভিটামিন বি১২ ও কপার ঘাটতির লক্ষণ।
চুল পড়া ও পাতলা হয়ে যাওয়াঃ অতিরিক্ত চুল পড়া বা চুলের ঘনত্ব কমে যাওয়া কেবল হরমোনজনিত নয়, এটি প্রোটিন, জিঙ্ক, আয়রন ও ভিটামিন ডি ঘাটতির ফলেও হতে পারে।
ত্বক ও ঠোঁট ফেটে যাওয়াঃ শীতকালে ঠোঁট ফাটা বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া সাধারণ ব্যাপার, কিন্তু যদি তা সারা বছরই থেকে যায়, তাহলে এটি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডের অভাবের ইঙ্গিত।
অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতাঃ বিশ্রাম নেওয়ার পরেও শরীরে শক্তি না থাকা, সহজেই ক্লান্ত হয়ে পড়া বা সারাদিন নিস্তেজ লাগা -এগুলোও পুষ্টি ঘাটতির অন্যতম চিহ্ন।
এইগুলো সমস্যা রোধ করার জন্য চিকিৎসকের পরামর্শ, পুষ্টি ঘাটতি এড়াতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত জল পান, ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি।










