সাবেক এমপি অসীম কুমার উকিলের ব্যাংকের হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ৬টি ব্যাংকের হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

এদিন সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক মো. রাসেল রনি তার ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত অসীম কুমার উকিলের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই/ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট অসীম কুমার উকিলের নামে ৬টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানকালে জানা যায় যে, অসীম কুমার উকিলের নামে ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এর ফলে বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এই টাকা উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। এজন্য অসীম কুমার উকিলের ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।