ডেটিং অ্যাপে পরিচয়, এরপর প্রেমের প্রলোভন। সেই সূত্র ধরেই নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অপহরণের শিকার হয় ঢাকার আজিমপুরের এক কিশোর। পরে র্যাব ১১ এর অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব ১১ এর সদর কোম্পানি চরধলেশ্বরীর একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো মোঃ আকাশ, মোঃ সিয়াম, মোঃ ফয়সাল, সঞ্জয় শীল, মোঃ বায়েজিদ ২৩।
র্যাব জানায়, প্রায় এক মাস আগে টানটান ডেটিং অ্যাপে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে ওই কিশোরের পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে দেখা করার প্রলোভন দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছালে ৯ থেকে ১০ জন তাকে জোর করে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে মারধর করে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। এরপর তার ফোন ব্যবহার করে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার বিকাশে ৪৫০০ টাকা পাঠায় এবং বন্দর থানায় মামলা করে।
র্যাব ১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো রওনক এরফান খান বলেন, প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
-সাইমুন










