রংপুরে তিন দিন পর মিলল নিখোঁজ ব্যক্তির মাটিচাপা লাশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় মঞ্জুরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মাজারসংলগ্ন একটি ফাঁকা জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঞ্জুরুল কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। পেশায় তিনি পল্লী বিদ্যুতের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর মঞ্জুরুল আর ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

বুধবার স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, ঝাকুয়াপাড়া এলাকায় একটি তামাকক্ষেতে রক্তের দাগ ও এক জোড়া জুতা পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জুতাটি মঞ্জুরুলের বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। এরপর লাশ উদ্ধারের চেষ্টা শুরু হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ওই স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাটি চাপা অবস্থায় মঞ্জুরুলের লাশ পাওয়া যায়। পরে পুলিশ তা উদ্ধার করে।

ওসি রুহুল আমিন বলেন, লাশ উদ্ধারের কার্যক্রম শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-সাইমুন