কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ফেনীতে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধের চাপ সইতে না পেরে কামরু জাহান (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ
নিহত কামরু জাহান ওই গ্রামের দুবাই প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী। তার চার মেয়ে রয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, কামরু জাহান জাগরণ ফাউন্ডেশন, আরআরএফ, পিএমএস, রিক ও প্রত্যাশীসহ বেশ কয়েকটি এনজিও এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

ঋণদাতারা পাওনা টাকার জন্য নিয়মিত চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার সকালে এনজিওর লোকজন টাকার জন্য বাড়িতে আসলে তিনি ভয়ে দেবরের ঘরে গিয়ে লুকিয়ে পড়েন। পরে সেখানেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজন ও স্থানীয়দের বক্তব্য
নিহতের মেয়ের জামাই কামরুল হাসান বলেন, “আমার শাশুড়ি বিভিন্ন এনজিও ও সুদের কারবারিদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পাওনাদাররা বাড়িতে এসে চাপ সৃষ্টি করায় তিনি বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

স্থানীয়রা জানান, কামরু জাহানের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলেও পরিবারের খোঁজখবর ঠিকমতো নিতেন না। ঋণের বোঝা এবং পারিবারিক অবহেলার কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

পুলিশের পদক্ষেপ
মামলার তদন্ত কর্মকর্তা ও ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ দেবরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “এটি আত্মহত্যা কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

মোঃ আশরাফুল আলম