কেরালা স্টোরি ২ মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট

বড়পর্দায় ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পরে, তা নিয়ে বিতর্ক কম হয়নি। ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া নিয়েও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। তবে ছবিটি সেই সময়ে বক্সঅফিসে সাফল্য পেয়েছিল, চর্চিত ও হয়েছিল। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আদা শর্মা ।

এরপরে, ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, ‘কেরালা স্টোরি ২’। ছবিটি তৈরি হয়ে গেলেও আপাতত দেখা যাচ্ছে, ছবিটির মুক্তি বিশ বাঁও জলে। কেরালা হাইকোর্ট বিতর্কিত এই সিনেমা ‘কেরালা স্টোরি ২’-এর স্ক্রিনিংয়ের ওপর শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। কেরালা হাইকোর্ট ২ পক্ষের বিস্তারিত যুক্তি শোনার পর ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’-এর মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে। ছবিটা আগামীকাল মুক্তি পাওয়ার কথা, কিন্তু তার ঠিক আগে, আজ এই সিনেমার মুক্তি নিয়ে ফের শুনানি হওয়ার কথা রয়েছে।

বিচারপতি বেচু কুরিয়ানের একার বিচারকের বেঞ্চ, বুধবার সিনেমাটির মুক্তি স্থগিত করার নির্দেশ দেন। এদিন এই মামলার শুনানি হয়। এই সিনেমা মুক্তি নিয়ে, ছবির নির্মাতা আর সরকারের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলেছে। প্রযোজকদের পরিকল্পনা ছিল, আগামী ২৭ তারিখ এই ছবিটির আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তি পাওয়ার কথা গোটা দেশেও। ছবির নির্মাতারা বলেন, এই ছবির মুক্তি ১টা দিন ও পিছিয়ে যাওয়ার অর্থ, ছবিটির ব্যবসার ওপর গভীর প্রভাব ফেলবে। এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হন বিচারক। তিনি বার্তা দেন, এই সমস্ত কথা বলে যেন আদালতকে বিভ্রান্ত করা বা তাড়া দেওয়ার চেষ্টা না করা হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আদালত সমস্ত পক্ষের সমস্ত যুক্তি সম্পূর্ণরূপে শুনবে এবং রায় দেওয়ার আগে প্রয়োজনীয় সময় নেবে।

এই সিনেমাটি এর আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পেয়েছে। তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিচারক।

-বিথী রানী মণ্ডল