মারা গেছেন রকস্টার ব্র্যাড আর্নল্ড

গ্র্যামি-মনোনীত জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড ক্যানসারের সঙ্গে এক বছরের লড়াই শেষে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসায় ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টেজ–৪ কিডনি ক্যানসারে আক্রান্ত ব্র্যাড স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে শান্তিপূর্ণভাবে জীবন শেষ করেন।

ব্র্যাড আর্নল্ড ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে জানান। তিনি জানান, তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা শনাক্ত হয়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। সেই সময় তিনি আশাবাদী ছিলেন এবং বলেছিলেন, “আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলে আমার জন্য প্রার্থনা করবেন।”

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গঠিত হয় ‘থ্রি ডোরস ডাউন’। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ প্রকাশের পরই বিশ্বজুড়ে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অ্যালবামটি ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে।

তাদের গানের মধ্যে রয়েছে ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথাউট ইউ’, ‘হোয়েন আই’ম গন’ ও ‘লুজার’, যা রক সংগীতে ব্র্যাড আর্নল্ডকে একটি আলাদা পরিচিতি ও খ্যাতি দিয়েছে। ব্যান্ডের ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড।

এক শক্তিশালী কণ্ঠের এই বিদায়ে বিশ্ব সংগীত অঙ্গনে নেমেছে শোকের ছায়া। তার অসাধারণ অবদান এবং স্মরণীয় গানগুলো শ্রোতাদের মনে চিরস্থায়ী স্থান করে রাখবে। ব্র্যাড আর্নল্ডের মৃত্যু কেবল তার পরিবার বা ব্যান্ডের জন্য নয়, বরং পুরো রক সংগীত জগতের জন্যও এক বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

-বিথী রানী মণ্ডল