হলিউডের বহুল আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। ১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজের এটি সপ্তম চলচ্চিত্র এবং ২০২৩ সালের ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। নতুন কিস্তিটি পরিচালনা করেছেন সিরিজের মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন।
প্রথমবারের মতো পুরো চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। এই সিরিজ দশকের পর দশক ধরে হরর-থ্রিলার প্রেমীদের মধ্যে এক কালজয়ী অবস্থান তৈরি করেছে। পরিচালক কেভিন উইলিয়ামস সিরিজের মূল লেখক এবং প্রথমবারের মতো পুরো সিনেমা পরিচালনা করছেন।
ছবিটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। পূর্ববর্তী সিনেমাগুলোর ভূমিকায় অভিনয় করেছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, স্যাম রেচনার , টিম সাইমনস এবং জোয়েল ম্যাকহেল।
গল্পে দেখা যাবে, ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করা সিডনির পরিবার ফের ঘোস্টফেস খুনির টার্গেটে পরিণত হয়। মেয়েকে রক্ষা করতে গিয়ে তাকে অতীতের ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয়। প্রযোজনা পর্যায়ে একাধিক পরিবর্তনের পর সিনেমাটি নতুনভাবে গড়ে তোলা হয়।
চলতি বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয়ে মার্চে শেষ হয়েছে। আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত উদ্বোধনের পূর্বাভাস মিলেছে, যা এটিকে সিরিজের সফলতম কিস্তিগুলোর একটি করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। হররপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বড় পর্দায় অপেক্ষা করছে রক্তাক্ত উত্তেজনা ও পুরোনো ভয়ের নতুন অধ্যায়।
মাহমুদ সালেহীন খান










