মেথি শাক-কাতলা মাছ

মেথি শাক ও কাতলা মাছের মিশেলে তৈরি ‘মেথি কাতলা’ একটি গ্রামবাংলার স্বাদে ভরা, পুষ্টিকর ও একটু ভিন্নধর্মী আইটেম। তিতকুটে মেথির স্বাদ আর কাতলার নরম মাংস দুটোর মেলবন্ধন ভাতের সঙ্গে অসাধারণ লাগে।

উপকরণ: কাতলা মাছ ৬ টুকরা, মেথি শাক (কুচি করা) ১ থেকে ১/৫ কাপ, পেঁয়াজ কুচি ২টি মাঝারি টমেটো কুচি ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ,হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৩/৪টি, তেজপাতা ১টি, লবণ স্বাদমতো, সরিষার তেল বা সয়াবিন তেল ৪/৫ টেবিল চামচ

রান্নার পদ্ধতি: প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ ও সামান্য হলুদ দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষান, তারপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

এবার হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে কুচি করা মেথি শাক দিয়ে দিন এবং নাড়তে থাকুন শাক একটু নরম হয়ে এলে অল্প গরম পানি দিন। তারপর ভাজা মাছগুলো দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৮/১০ মিনিট রান্না করুন। শেষে কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট দম দিয়ে নামিয়ে ফেলুন।

-বিথী রানী মণ্ডল