বড় বাপের পোলায় খায়,চকবাজারের শাহী ইফতার

ঢাকার পুরান শহরের প্রাণকেন্দ্র চকবাজার রমজান এলেই যেন বদলে যায় পুরো এলাকার চেহারা। বিকেল গড়াতেই শুরু হয় বিখ্যাত ‘শাহী ইফতার বাজার’-এর রঙিন আয়োজন। কথায় আছে,“বড় বাপের পোলায় খায়”এই প্রবাদ যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে চকবাজারের ইফতার টেবিলে। এখানে ইফতার মানেই শুধু খাবার নয়, এক ধরনের ঐতিহ্য, আভিজাত্য আর উৎসবের স্বাদ।

চকবাজারের সরু রাস্তা জুড়ে সারি সারি দোকান। একদিকে গরম গরম বোরহানি, অন্যদিকে মোরগ পোলাও, কাবাব, নান রুটি, বুটের ডাল, জিলাপি, বাখরখানি সব মিলিয়ে যেন রাজকীয় আয়োজন। পুরান ঢাকার বিশেষ রেসিপিতে তৈরি শরবত আর মিষ্টান্নের আলাদা কদর রয়েছে। প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় শুধু এই স্বাদ নিতে।

শাহী ইফতার বাজারের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর ঐতিহাসিক ঐতিহ্য। মুঘল আমল থেকেই পুরান ঢাকার এই অংশে ইফতারের জমজমাট আয়োজন হয়ে আসছে। সময়ের সাথে খাবারের ধরন বদলেছে, কিন্তু ঐতিহ্যের ছোঁয়া এখনো আগের মতোই রয়ে গেছে। এখানকার বিক্রেতারা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই স্বাদ ধরে রাখার চেষ্টা করছেন।

চকবাজারে ইফতার করতে আসা মানুষের ভিড় শুধু স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, এমনকি বিদেশি পর্যটকদেরও দেখা মেলে। তারা পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতার সংস্কৃতি কাছ থেকে উপভোগ করতে চান।

চকবাজারের শাহী ইফতার বাজার কেবল খাবারের জায়গা নয় এটি ঢাকার সংস্কৃতি, ইতিহাস আর মানুষের আনন্দের এক মিলনমেলা। তাই তো এখনও অনেকে মজা করে বলেন, “চকবাজারের ইফতার, বড় বাপের পোলার খাবার।

-বিথী রানী মণ্ডল