মেথি শাকের পরোটা

মেথি শাকের পরোটা খুবই সুস্বাদু, পুষ্টিকর এবং সহজে তৈরি করা যায়। সকালের নাস্তা, সেহরি বা ইফতারের জন্যও এটি দারুণ একটি আইটেম।

উপকরণ: গমের আটা ২ কাপ, মেথি শাক (কুচি করা)১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১/২টি, রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া  আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, হলুদ এক চিমটি, লবণ স্বাদমতো, তেল বা ঘি ২ টেবিল চামচ (ময়ান ও ভাজার জন্য), পানি পরিমাণমতো

রান্নার পদ্ধতি: প্রথমে একটি বাটিতে আটা, কুচি করা মেথি শাক, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা, জিরা, ধনে, হলুদ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর সামান্য তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে নরম আটা ডো তৈরি করুন। ডোটি ১০/১৫ মিনিট ঢেকে রেখে দিন এতে পরোটা নরম হবে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন। চাইলে হালকা তেল মেখে ভাঁজ করে আবার বেলে নিতে পারেন, এতে পরোটা স্তরযুক্ত হবে। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুই পাশেই তেল বা ঘি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

-বিথী রানী মণ্ডল