জিভে জল আনা ‘মাটন-মেথি-মালাই’

​সেহরির জন্য খাসির মাংসের এই পদটি একদম ইউনিক। সাধারণ ভুনা মাংসের বদলে মেথি পাতা এবং মালাইয়ের (ক্রিম) ব্যবহারে তৈরি এই রান্নাটি অত্যন্ত সুগন্ধি এবং মশলাদার হওয়া সত্ত্বেও পেটে ভার অনুভব করায় না। মেথি পাতার হালকা তেতো ভাব এবং ক্রিমের মিষ্টতা মাংসের স্বাদকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।

​উপকরণ: খাসির মাংস: ৭৫০ গ্রাম (ছোট হাড়সহ টুকরো), ​তাজা মেথি পাতা ১ কাপ (কুচি করা) অথবা কসুরি মেথি ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম বা দুধের সর: আধা কাপ, ​পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ​কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, ​আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, ​গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, ​সাদা তেল ও ঘি পরিমাণমতো

প্রণালি:​ প্রথমে মাংস আদা-রসুন ও সামান্য দই দিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘণ্টা। হাড়িতে তেল ও ঘি গরম করে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষান। মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এলে কাজু বাদাম বাটা ও বেরেস্তা দিয়ে দিন। এবার মেথি পাতাগুলো দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিন। পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

মাংস একদম নরম হয়ে গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ক্রিম এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। ২ মিনিট দমে রেখে নামিয়ে নিন। এই মাটন-মেথি-মালাই পরোটা বা সাদা পোলাওয়ের সঙ্গে সেহরিতে খেলে সারাদিন তৃপ্তি থাকবে।

-বিথী রানী মণ্ডল