যুক্তরাজ্যভিত্তিক টেলিকম অপারেটর Virgin Media O2 ইউরোপের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর ঘোষণা দিয়েছে। ‘O2 Satellite’ নামের এই নতুন সেবার মাধ্যমে নেটওয়ার্কবিহীন এলাকাতেও সাধারণ স্মার্টফোন ব্যবহার করে টেক্সট বার্তা, হোয়াটসঅ্যাপ ও গুগল ম্যাপস ব্যবহার করা যাবে।
প্রতি মাসে ৩ পাউন্ড (প্রায় ৪ ডলার) খরচে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। কোম্পানিটি জানিয়েছে, সেবাটি চালুর ফলে যুক্তরাজ্যের ভৌগোলিক কভারেজ ৮৯% থেকে বেড়ে ৯৫%-এ উন্নীত হবে।
কীভাবে কাজ করবে
‘O2 Satellite’ সেবাটি SpaceX–এর Starlink স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করবে। কোনো এলাকায় স্থলভিত্তিক মোবাইল নেটওয়ার্ক না থাকলে উপযোগী স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হবে।
এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, আবহাওয়া ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে স্যামসাংয়ের সর্বশেষ ডিভাইসগুলোতে এই সুবিধা চালু হবে বলে জানানো হয়েছে।
ভ্রমণ ও আউটডোরে উপকার
পাহাড়ে ট্রেকিং, জলক্রীড়া বা দুর্গম এলাকায় ভ্রমণের সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি কমাতে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় অন্যরা
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে T-Mobile মাসে ১০ ডলারে একই ধরনের স্যাটেলাইট-টু-সেল সেবা চালু করেছে।
অন্যদিকে যুক্তরাজ্যের আরেক অপারেটর Vodafone ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ স্মার্টফোন দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে প্রথম ভিডিও কল সম্পন্ন করার দাবি করে। তারা AST SpaceMobile–এর সঙ্গে অংশীদারিত্বে পূর্ণাঙ্গ স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর পরিকল্পনা করছে, যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
‘সংজ্ঞা বদলে দেওয়া’ মুহূর্ত
ভর্জিন মিডিয়া O2–এর প্রধান নির্বাহী লুটজ শুলার একে ব্রিটিশ মোবাইল সংযোগ ব্যবস্থার জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই সেবার মাধ্যমে ওয়েলসের প্রায় দুই-তৃতীয়াংশ আয়তনের সমপরিমাণ নতুন এলাকায় প্রথমবারের মতো মোবাইল কভারেজ যুক্ত হলো।
বিশ্লেষকদের মতে, স্যাটেলাইট-ভিত্তিক মোবাইল সংযোগ প্রযুক্তি ইউরোপের টেলিকম খাতে নতুন প্রতিযোগিতা ও উদ্ভাবনের দ্বার খুলে দেবে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










