সবুজে ঘেরা ঈশ্বরগঞ্জ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

“প্রতি মাসে ৮ হাজার গাছ, প্রতি ইউনিয়নে অন্তত ৭০০টি এভাবেই সবুজে ঘেরা ঈশ্বরগঞ্জ গড়তে চাই।” এমন প্রত্যয় ব্যক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাঁর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ উপজেলা প্রশাসনের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৬ নং মাইজবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুমড়া শাসন গ্রামের সড়কের পাশে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের জীবন ও জীবিকার সুরক্ষা দেয়। প্রতিটি ইউনিয়নে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের অগাধ পরিশ্রম ও ত্যাগের ফলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়। এখন আমাদের দায়িত্ব দেশ ও পরিবেশ রক্ষায় কাজ করা। প্রতি মাসে ৮ হাজার গাছ লাগাতে হবে, প্রতি ইউনিয়নে কমপক্ষে ৭০০টি। যে ইউনিয়ন এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবে, তাদের দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রমাণিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, এটি দেশনায়ক তারেক রহমান-এর অঙ্গীকার বাস্তবায়নের অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ আবহ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, “এ উদ্যোগ সময়োপযোগী। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত হয় এবং কর্মসূচিটি দীর্ঘমেয়াদে সফল হয়। এই উদ্যোগের মাধ্যমে ঈশ্বরগঞ্জে একটি সবুজ ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে উঠবে।”

-মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ