মা হিসেবে ক্যাটরিনা একজন সুপারহিরো-ভিকি

বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের নতুন জীবনের এই ইনিংসের আনন্দ প্রকাশ পেয়েছে ভিকির সাম্প্রতিক কথায়। বিশেষত, বাবা হওয়ার পর স্ত্রী ক্যাটরিনার লড়াকু মানসিকতা দেখে ভিকি মুগ্ধ। তিনি বলেছেন, “মা হিসেবে ক্যাটরিনা একজন সুপারহিরো।”

জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে এখন ‘বেবি কৌশল’কে কেন্দ্র করে ঘোরে ভিকি-ক্যাটরিনার জীবন। সম্প্রতি এক অনুষ্ঠানে নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে ভিকি পিতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, ছেলের বয়স মাত্র তিন মাস এবং এই সময়ে বাবার ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। ভিকি বলেন, আমি ক্যাট আর বিহানের জন্য সবসময় চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি।

অনুরাগীদের মধ্যে দীর্ঘদিন কৌতূহল ছিল ছেলের নাম নিয়ে। ভিকি জানিয়েছেন, তাদের ছেলের নাম বিহান। তিনি আরও জানান, “আমি অপেক্ষা করছি কবে বিহান একটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।”

বলি পাড়ার অন্যান্য নায়িকারা মাতৃত্বকালীন ফটোশুট বা বেবিমুনে ব্যস্ত থাকলেও, ক্যাটরিনা ছিলেন অনেকটা আড়ালে। ভিকি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাটরিনা একজন প্রকৃত যোদ্ধার মতো লড়েছেন। মা হিসেবে দায়িত্ব পালন এবং এই লড়াকু রূপ দেখে ভিকি নিজেকে গর্বিত মনে করেন।

-বিথী রানী মণ্ডল