খালিয়াজুরী উপজেলাতে ইয়াবাসহ আটক মাদক কারবারি আবুল বাশারকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে উপজেলার মেন্দিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক আবুল বাশার মেন্দিপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশ রোববার রাতে মেন্দিপুর বাজারে অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে তাকে হাতেনাতে আটক করেন। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো. নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-মহসিন মিয়া, নেত্রকোণা










