জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী ১ মার্চ (রোববার) হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেছেন।
রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট দায়ের করেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়। বিবাদীর তালিকায় থাকেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। সেই রিটের পক্ষেও সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে আবেদন করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
-এমইউএম









