ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৬ জন এবং বিএনপির ২ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল দিকে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের আরও ৪ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিএনপি কর্মী আহত হন।
অপরদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক দুইজন আহত হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অশা মিয়া নামে এক বিএনপি কর্মী আহত হন। এ সময় পুলিশ শহিদুল ও আশরাফ নামে জামায়াতের দুই কর্মীকে আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে এবং সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-এম ইউএম










