রোজার কেনাকাটায় কোন ব্যাংকের কার্ডে কত ছাড়

রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এবং গ্রাহকদের অর্থ সাশ্রয়ে বিশেষ সুবিধার ঝুলি সাজিয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, গয়না থেকে শুরু করে সুপারশপ ও তারকা হোটেলের ইফতার-সাহরিতে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ‘একটি কিনলে চারটি ফ্রি’-এর মতো আকর্ষণীয় অফার।

ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অফারের বিস্তারিত প্রকাশ করেছে। এ ছাড়া এসএমএস ও অন্যান্য মাধ্যমেও গ্রাহকদের নির্দিষ্ট শর্তে ছাড় বা ক্যাশব্যাকের তথ্য দেওয়া হচ্ছে। আবার বিভিন্ন দোকানের ক্যাশ কাউন্টারেও ঝুলছে এসব প্রচারণা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের অফারগুলোর সারসংক্ষেপ নিচে দেওয়া হলো:

ব্যাংক প্রধান আকর্ষণ ও ছাড়ের ধরন
সিটি ব্যাংক ৭০০+ আউটলেটে ৫০% পর্যন্ত ছাড়; নির্দিষ্ট হোটেলে একটি প্যাকেজ কিনলে পরেরটিতে ৫০% ছাড়।
ব্র্যাক ব্যাংক ইফতার ও সাহরিতে ‘বাই ১ গেট ৪’ ফ্রি বুফে অফার; গয়নার দোকানে ৪৮% ও ট্রাভেলে ৫৫% পর্যন্ত ছাড়।
ডাচ্‌-বাংলা ব্যাংক সুপারশপে ২০% ক্যাশব্যাক; নেক্সাস-পে ও রকেটে ২০% ক্যাশব্যাক; তারকা হোটেলে ‘বাই ১ গেট ৪’ সুবিধা।
প্রাইম ব্যাংক লাইফস্টাইলে ২০-৩৫% ছাড়; সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
ইস্টার্ন ব্যাংক ৭০টি লাইফস্টাইল ব্র্যান্ডে ১০-২৫% ছাড়; ১৩টি তারকা হোটেলে ‘বাই ১ গেট ৩’ পর্যন্ত অফার।
ইউসিবি (UCB) স্বপ্ন, আগোরা ও মীনা বাজারে ১০% এবং আড়ং-অ্যাপেক্স-বাটায় ২০% ক্যাশব্যাক।

রমজানে ইফতার ও সাহরিতে কার্ডধারীদের জন্য ব্যাংকগুলো সবচেয়ে বড় আকর্ষণ রেখেছে। সিটি ব্যাংকের কার্ডে ৫০টির বেশি রেস্টুরেন্টে এবং ব্র্যাক ব্যাংকের কার্ডে ৫৩টি রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রাইম ও ইস্টার্ন ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট থ্রি (১টি কিনলে ৩টি ফ্রি) অফারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পোশাক ও জুতার ব্র্যান্ড যেমন আড়ং, অ্যাপেক্স, বাটা ও ইয়েলোতে প্রায় সব ব্যাংকের কার্ডেই ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ছাড়ের সুবিধা রয়েছে। বিশেষ করে ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ২৫টি গয়নার দোকানে ৪৮ শতাংশ পর্যন্ত বিশাল মূল্যছাড় উপভোগ করতে পারছেন।

সিটি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান তৌহিদুল আলম জানান, ঈদের কেনাকাটার কারণে এই মাসে কার্ডের মাধ্যমে গ্রাহকের খরচ ৩০-৩৫ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে দেশে ৪ কোটির বেশি ডেবিট কার্ড এবং প্রায় ২৮ লাখ ক্রেডিট কার্ড রয়েছে, যা নগদ লেনদেনের ঝুঁকি কমিয়ে ডিজিটাল ইকোনমির দিকে গ্রাহকদের ধাবিত করছে।

লামিয়া আক্তার