ঘরের মাঠে ইন্টার মিলানের বিদায়, ইতিহাস গড়ল বোডো/গ্লিমট

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর বাছাইপর্বে বড় চমক সৃষ্টি করেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলান নিজেদের মাঠে হেরেছে এই অখ্যাত ক্লাবের কাছে। আর্কটিক সার্কেলের উত্তরের বোডো শহরের এই দল আগে তেমন পরিচিত ছিল না, কিন্তু এবার তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়েছে।

প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বোডো/গ্লিমট। প্রথম লেগে তারা ৩-১ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে শেষ ষোলোর পথ সুগম হয়েছে নরওয়ের ক্লাবটির জন্য।

প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বোডো/গ্লিমট। ৫৮তম মিনিটে জেন্স পেটার হাউজ শট দিয়ে দলকে এগিয়ে নেন। ৭২তম মিনিটে হাকন এভজেন ব্যবধান দ্বিগুণ করলে ইন্টার মিলান স্তব্ধ হয়ে পড়ে। ৭৬তম মিনিটে বাস্তোনি এক গোল শোধ দিলেও ইন্টার মিলানের প্রত্যাবর্তনের স্বপ্ন পূর্ণ হয় না। শেষ পর্যন্ত নিজেদের সমর্থকদের সামনে বিদায়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিয়ান জায়ান্টদের।

বোডো/গ্লিমট ২০২৩ সালে ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, তিনবারের শিরোপাজয়ী ইন্টার মিলান এবং স্পেনের শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রূপকথার মতো গল্প লিখেছে।

-এমইউএম