বিশ্বকাপের নকআউট পর্বের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়েছে টিকিট বিক্রি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ভেন্যু নিয়ে চরম অনিশ্চয়তার মাঝেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে পূর্বনির্ধারিত ভেন্যু কলকাতা থেকে ম্যাচ সরিয়ে কলম্বোতে আয়োজন করা হতে পারে। এমনকি পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদ থেকেও ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে আইসিসি অনলাইনে দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ ও কলম্বো এই চার শহরের জন্যই টিকিট ছাড়া হয়েছে। অথচ সূচি অনুযায়ী কেবল মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার বিষয়ে কোনো সংশয় নেই।

প্রাথমিক সূচিতে কলকাতা ও মুম্বাইয়ে দুটি সেমিফাইনাল এবং আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাদের ম্যাচগুলো কলম্বোয় সরিয়ে নেওয়া হবে। নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ভারতের মাটিতে পাকিস্তান দলের কোনো ম্যাচ আয়োজন না করার কারণে এই পরিবর্তন আনা হতে পারে।

সদ্য আয়োজক শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে দাসুন শানাকার দলেরও ঘরের মাঠে খেলার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কলকাতার নির্ধারিত সেমিফাইনাল কলম্বোয় আয়োজন করা হবে। ফলে কলকাতার ভেন্যু নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টুর্নামেন্টের শেষ তিন ম্যাচের চূড়ান্ত ভেন্যু নির্ভর করছে সেমিফাইনালিস্টদের তালিকার ওপর। কোন দল শেষ চারে জায়গা করে নেয়, তা নিশ্চিত হওয়ার পরই ভেন্যু চূড়ান্ত হবে। এমন অস্পষ্ট পরিস্থিতির মধ্যেও টিকিট বিক্রি শুরু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

-এমইউএম