এখনো শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার ‘অলৌকিক’ আশা বুলবুলের

টি-২০ বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যার অর্থ বিশ্বকাপ খেললে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য ২২ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। অথচ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনো ভারতের বাইরে বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী।

বুধবার তিনি বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর আশা করছি। আইসিসির বক্তব্যের পর আমরা আসলে মন্তব্য করতে পারি না। দেড় ঘণ্টা মিটিং হয়েছিল। আমরা আইসিসিকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। ভোটাভুটিতে যেতে চাইনি, সরে দাঁড়িয়েছিলাম।’

সরকারের সঙ্গে আলোচনা করতে আইসিসির কাছে সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি বুলবুল। যে কারণে আইসিসি একদিন সময় বাড়িয়ে দিয়েছে, ‘আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কা তাদের গ্রুপে নতুন দল চায়নি। ভোটের পর আমি সরকারকে বিষয়টি জানানোর জন্য শেষ সুযোগ চেয়েছিলাম। তারা এটিকে যৌক্তিক পয়েন্ট মনে করে আমাকে তাদেরকে জানানোর জন্য সময় দিয়েছে।’

বুলবুল জানান, তিনি এখনো মনে করেন ভারতে বাংলাদেশ দল নিরাপদ নয়। যে কারণে সরকারকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবেন না। খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে চান। কিন্তু সরকার সবার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি, আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলে মতামত আইসিসিকে জানাব। সরকারকে কেবল খেলোয়াড় নয় সবার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।

-সাইমুন