আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রথমবারের মতো প্রবর্তিত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ায় প্রবাসীদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের তুলনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণ ও উৎসাহ প্রায় দ্বিগুণ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসীদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপারের মধ্যে এরই মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার তা গ্রহণ করেছেন। এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এরই মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন। প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে দেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখছে কমিশন।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোট দেওয়ার (ইন কান্ট্রি পোস্টাল ভোট) হার তুলনামূলক ধীর। অভ্যন্তরীণ ভোটারদের জন্য পাঠানো ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে মাত্র ১২ হাজার ৯১৫টি ব্যালট। সরকারি চাকুরীজীবী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকযোগে আসা প্রতিটি ব্যালট অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা হওয়া এই ভোটগুলো নির্বাচনের মূল দিন (১২ ফেব্রুয়ারি) ভোট গণনার সময় চূড়ান্ত ফলাফলের সঙ্গে যোগ করা হবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ব্যালট ট্র্যাকিংয়ের সুবিধা থাকায় জালিয়াতির সুযোগ নেই বলেও নিশ্চিত করেছে কমিশন।