ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী এবং ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া ১০ হাজার ১০ জন আনসার ও ভিডিপি সদস্য এবং কারাগার থেকে ভোট দিতে ৬ হাজার ২৮৩ জন বন্দি নিবন্ধন সম্পন্ন করেছেন।
এবারের নির্বাচনে প্রবাসীদের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। মোট ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী নিবন্ধিত হয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন।
তপশিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা অ্যাপের মাধ্যমে নিজ নিজ আসনের প্রার্থী তালিকা দেখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় পর্যায়ক্রমে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকেই ভোটাররা তাদের ভোট দেওয়া ব্যালট ফিরতি ডাকে পাঠাতে পারবেন। তবে শর্ত থাকে যে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনের আগেই উপযুক্ত সময়ের মধ্যে ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছালে সেই ভোট গণনায় নেওয়া হবে না।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে আর ভোট দিতে পারবেন না। এই স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক প্রবাসী ও কর্মস্থলে থাকা ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।