‘আ.লীগ সরকারের বিদ্যুৎ চুক্তিগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি’: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ভারতসহ বিভিন্ন বিদেশি ও বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে অভিহিত করেছেন বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘দেশবিরোধী চুক্তি’ পর্যালোচনার উদ্যোগ
মন্ত্রী বলেন, “বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিবিড়ভাবে জড়িত। অথচ আগের সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করেছে।”

তিনি জানান, আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি সহ বিগত সরকারের সময় করা সকল বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নতুন সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছে। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রতিটি চুক্তি খতিয়ে দেখা হবে। যেসব চুক্তি দেশবিরোধী বলে প্রতীয়মান হবে, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।”

ইকবাল হাসান মাহমুদ বলেন, “দেশের স্বাধীনতাকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এসব বিষয় পুনর্মূল্যায়ন করে একটি সমাধানের পথে এগোতে হবে।” তিনি জানান, এ বিষয়ে গঠিত একটি কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

আইনি জটিলতা ও সরকারের অবস্থান
আইনি জটিলতা প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকার আলোচনার মাধ্যমেই সমাধানে যেতে আগ্রহী। তবে কেউ যদি আদালতের আশ্রয় নেয়, তাহলে সরকারকেও সেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

তিনি নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

মোঃ আশফুল আলম