বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দলটি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে।
তিনি বলেন, “বিএনপি একদলীয় বাকশাল শাসনের ধারণায় বিশ্বাস করে না, যা কখনো দেশের ওপর চাপানো হয়েছিল। আমাদের বিশ্বাস জনগণের শক্তিতে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের নির্বাচিত এমপিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মঈন খান।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী-১: খায়রুল কবির খোকন, নরসিংদী-২: এমপি আবদুল খান, নরসিংদী-৩: মনজুর এলাহী, নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী), নরসিংদী-৫: আশরাফ উদ্দিন।
মঈন খান বলেন, “আমাদের দলীয় অবস্থান স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই ভয়াবহ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ মানুষদের ওপর হামলা চালাচ্ছিল, তখন জিয়াউর রহমান প্রতিবাদের পতাকা উঁচু করেছিলেন। আমরা সেই আদর্শ, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাসী।”
তিনি আরও বলেন, “বিএনপি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”
ড. মঈন খান বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফেরানো হয়েছে। আমরা এই গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা রক্ষা করব।”
-এমইউএম










