ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, “আপনাদের মতো আমরাও শুনেছি। যেহেতু এখনো অফিসে যোগদান করিনি, যাবো। যাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখবো। যদি এরকম কিছু হয়, হয়তোবা হতে পারে। আমরা শুনেছি, আমি দেখিনি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি একজন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবো সততা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে। আমি যদি কোনো ঘুষ না খাই, আমার কোনো কর্মকর্তা সেখানে ঘুষ খেতে পারবে না। নৈতিকতার জায়গা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায়পরায়ণ নীতির ভিত্তিতে কাজ করার চেষ্টা করবো।”
এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
শফিকুল ইসলাম খান এই বিষয়ে আরও বলেন, “কেউ যদি এগুলো করে থাকে, অফিসে জয়েন করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, শফিকুল ইসলাম খান বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন, যেখানে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।
-এমইউএম










