এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমার বিজয় শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করলাম।
তিনি যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাব। আমরা ওসমান হাদি ভাইয়ের মতো আপসহীন থাকব। সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বারে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করবোই, করবো। আমরা তার দেখানো পথ অনুসরণ করব। ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করব। কখনো অন্যায়ের সঙ্গে আপস করব না।
তিনি বলেন, দেবিদ্বার থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই শুরু হবে। চাঁদাবাজ, মাটি লুটেরাদের সঙ্গে কখনো আপস করব না।
-বেলাল










