পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরাসরি মাঠে নেমেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঐতিহ্যবাহী পুরান বাজারে তিনি বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর কর্মকর্তারা। চাল, ডাল, তেল, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দোকান ঘুরে তিনি সরেজমিনে পরিস্থিতি দেখেন এবং প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙানো আছে কি না তা খতিয়ে দেখেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে পুরো রমজানজুড়ে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ক্রেতারা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান সুমন, মাদারীপুর










