উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে বেনফিকার উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উয়েফা। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগের ম্যাচে হোসে মরিনহোর দলে থাকছেন না এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
পর্তুগালের এস্তাদিও দা লুজ-এ অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ লিড নেওয়ার পর ভিনিসিয়ুসের সঙ্গে প্রেস্তিয়ানির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ ওঠে, সেই সময় প্রেস্তিয়ানি ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন।
২০ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার কথা বলার সময় জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। ভিনিসিয়ুস সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রেফারির কাছে অভিযোগ জানান।
উয়েফার প্রটোকল অনুযায়ী, ম্যাচটি প্রায় ১০ মিনিটের জন্য স্থগিত ছিল। পরবর্তী সময়ে উয়েফা এবং পর্তুগাল সরকার এই ঘটনার ওপর আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালীন সময়ে উয়েফা প্রেস্তিয়ানিকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে তিনি রিয়ালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না।
-সাইমুন










