পবিত্র রমজান উপলক্ষে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ মুসলিম খেলোয়াড়দের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা চালু রাখছে। ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে, যাতে তারা ইফতার করতে পারেন। রমজান এই সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এবং এক মাস চলবে।
যুক্তরাজ্যে সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হওয়ায় শনিবার বিকেল ৫:৩০ মিনিটের এবং রোববার বিকেল ৪:৩০ মিনিটের ম্যাচগুলোতে খেলা সাময়িকভাবে থামানো প্রয়োজন হতে পারে। দুই দল ও ম্যাচ কর্মকর্তারা আগে থেকেই আলোচনা করে বিরতির প্রয়োজন এবং সময় ঠিক করবেন। তবে এই বিরতিকে কৌশলগত টাইম-আউট বা পানি পানের বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না। খেলা চলাকালীন মূল অংশে বিরতি দেওয়া হবে না; গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির প্রথম সুযোগে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।
২০২১ সালে প্রথমবার এই ব্যবস্থা প্রিমিয়ার লিগে চালু হয়। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে প্রথমার্ধের অর্ধঘণ্টা পর গোলকিকের সময় খেলোয়াড়রা তরল পানীয় ও এনার্জি জেল দিয়ে ইফতার করেছিলেন।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি হলো রমজানের রোজা। প্রিমিয়ার লিগের মুসলিম খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা, রায়ান আইত-নুরি, আমাদ দিয়ালোসহ আরও অনেকে।
২০২৩ সালে সাবেক এভারটন মিডফিল্ডার আব্দুলায়ে দুকুরে জানিয়েছেন, প্রিমিয়ার লিগে তার ধর্মের প্রতি সম্মান বজায় থাকে এবং রোজা রাখার সময় অনুশীলনে কোনো সমস্যা হয় না। এছাড়া ২০২২ সালে সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে জানিয়েছেন, রমজানে মুসলিম খেলোয়াড়দের সুবিধার্থে ক্লাব তাদের অনুশীলনের সময়সূচিতে পরিবর্তন এনেছিল।
-এমইউএম










