ফ্যামিলি কার্ডের’ মতো ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করবে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে অঞ্চল ভেদে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে, পরে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। দেশের সব কৃষককেই এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।

সভা চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কৃষক কার্ড দেওয়ার বিষয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নীতিগতভাবে বহু আগেই এটি তাঁদের সিদ্ধান্ত। এখন বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ইনশা আল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।’

কৃষক কার্ডের পাইলট প্রকল্প কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সময়টি এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কারণ, এতে প্রস্তুতির বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব এটা করা।

-মামুন