কক্সবাজারে গাছ কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করল বন বিভাগ

কক্সবাজারের ঈদগাঁওতে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় এই অভিযান চালানো হয়।

ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন এক বার্তায় জানান, গভীর রাতে গোপন সংবাদ আসে যে একদল বনদস্যু ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় গাছ কাটছে। তথ্যের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা সেখানে সাঁড়াশি অভিযান চালান। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন: আব্দু শুক্কুর: ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে। মোহাম্মদ মনির: একই এলাকার এজাহের মিয়ার ছেলে।

বন বিভাগ জানায়, তাদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকারের সুযোগ নিয়ে দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক কালুকে গ্রেপ্তারে বন বিভাগের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৭.৬৬ ঘনফুট কাটা আকাশমনি কাঠ জব্দ করা হয়েছে। এছাড়া গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো সরঞ্জাম উদ্ধার করে বনকর্মীরা।

রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, “বনজ সম্পদ ও সরকারি ভূমি রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” ভবিষ্যতে বনভূমি রক্ষায় এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

লামিয়া আক্তার